বিদ্যুতের তারে আটকে পড়া শালিক উদ্ধার করল ফায়ার সার্ভিস
এলাকাবাসী ফায়ার সার্ভিস সদস্যদের ধন্যবাদ দেন।
কুড়িগ্রাম পৌর শহরে বিদ্যুতের তারে আটকে গিয়ে ছটফট করা একটি শালিক পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যা।
শনিবার সকালে শহরের সুপার মার্কেট এলাকায় বিদ্যুতের খুঁটি ঘেষা তারে আটকে পড়া শালিকটি উদ্ধার করে অবমুক্ত করা হয় বলে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মুকুল মিয়াসহ কয়েকজন জানান।
তারা বলেন, একটি শালিক বিদ্যুতের তারে আটকা পড়ে। এ সময় আমরা কয়েকজন পাখিটিকে ছটফট করতে দেখি। বৈদ্যুতিক তারে আটকে পড়ায় সাধারণ মানুষের পক্ষে সেটি উদ্ধার করা সম্ভব ছিল না। তাই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে পাখিটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আকাশে অবমুক্ত করে। এলাকাবাসী ফায়ার সার্ভিস সদস্যদের ধন্যবাদ দেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “শুধু মানুষ নয়, প্রতিটি জীবনেরই মূল্য আছে। আমরা খবর পাওয়ামাত্র গুরুত্ব দিয়ে পাখিটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অক্ষত অবস্থায় পাখিটি মুক্ত করতে পেরে আমরাও খুশি।”
