ফোন কানে রেল লাইনের ওপর, প্রাণ গেলে ট্রেনের নিচে
পুলিশ জানায়, বগুড়া থেকে বোনারপাড়াগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারী মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া রেলওয়ে ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান।
নিহত সুমনা বেগম (২২) গাবতলীর সোনারায় ইউনিয়নের গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের রংমিস্ত্রি রুবেল মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাতে এসআই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রেল লাইন ধরে হেঁটে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন সুমনা। এ সময় বগুড়া থেকে বোনারপাড়াগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আমিনুল।
