২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ারে বাগেরহাটের এক হাজার তিনশ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

জেলা প্রশাসক বলেন, দ্রুত পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 02:02 PM

Updated : 25 Oct 2022, 03:42 PM

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রোপা আমনসহ বিভিন্ন ফসলি জমির ক্ষতি হয়েছে; ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি গাছপালা।

এ ছাড়া জোয়ারের পানিতে সদর উপজেলার পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

টানা বর্ষণ ও জোয়ারের পানিতে জেলার অনেক মানুষ পানিবন্দি হয়েছে বলে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি না হওয়ায় কোনো সংখ্যা জানাতে পারেননি তিনি।

আজিজুর বলেন, “উপকূলীয় বাগেরহাটে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারের পানিতে রোপা আমন, কলা ও সবজি নিয়ে মোট এক হাজার তিনশ হেক্টর জমির ফসল পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানি নামতে শুরু করেছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে।

“এছাড়া জেলায় ৮৫০ হেক্টর রোপা আমন, ৩৭৫ হেক্টর সবজি, ১৭ হেক্টর পান, ৩৩ হেক্টর কলা, মরিচ বীজতলা, ৫২৫টি মাছের ঘের ও ২২৫টি পুকুর ভেসে গেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৭২ লাখ টাকা।”

এদিকে সোমবার রাতের জোয়ারের পানির চাপে বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদের বেড়িবাঁধ ভেঙে মাঝিডাঙা, পোলঘাট ও রহিমাবাদ গ্রামে পানি ঢুকে তলিয়ে যায়। এতে ওই এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বাসিন্দাদের খোঁজ খবর নেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম।

বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙা গ্রামের এরশাদ হোসেন জানান, তিনশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের রান্না খাওয়ার দারুণ অসুবিধা হচ্ছে।

একই এলাকার রহিম মল্লিক বলেন, “গত পাঁচ বছর ধরে আমরা পূর্ণিমা ও অমাবশ্যা তিথির জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছি। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। এই এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, বাগেরহাটে ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে জোয়ারের পানি ঢুকে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ওই এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় দুর্বল বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়।

“বর্ষা মৌসুম আসলেই এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়ে। বেড়িবাঁধ পরিদর্শন করেছি। এই এলাকায় খুব দ্রুতই স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মানের উদ্যোগ নেওয়া হবে।”

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পূর্বাভাস পেয়ে ব্যাপক প্রস্তুতি ছিল জেলা প্রশাসনের। জেলার ৩৪৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়। ঝড়ের সময় ৭৩ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদের শুকনা খাবার ও খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়।

জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রে যারা এসেছেন সকালে তারা নিরাপদে বাড়ি ফিরে গেছেন। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে। তাছাড়া সিত্রাং এর তাণ্ডবে ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় কয়েকশ গাছপালা উপড়ে গেছে। বেশকিছু ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।