রাস্তায় জুতা-রক্ত, জলাশয়ে মিলল গলাকাটা লাশ
সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে
সাতক্ষীরায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি স ম কাইয়ুম জানান, সকালে স্থানীয়রা মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও জুতা পড়ে থাকতে দেখেন। পরে পাশের জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান।
সাতক্ষীরা সদর থানার এসআই লোকমান হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে।”
নিহতের বয়স আনুমানিক ৩৫। লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। পরিচয় এখনও অজ্ঞাত।
এসআই আরও বলেন, ভোরের কোনো এক সময়ে তাকে জবাই করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
