দুর্নীতির মামলায় ফরিদপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া চেয়ারম্যানের নাম মিজানুর রহমান মোল্লা ওরফে সোনা মিয়া। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গত ১৫ জুন স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপন অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে বলে বুধবার জানান ফরিদপুরের সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক ইয়াসিন কবির।
তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। যা আদালত আমলে নিয়ে বিচারকাজ শুরু করেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে। ওই মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে।”
ওই চেয়ারম্যানের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মিজানুর রহমান মোল্লা বলেন, “আমি বরখাস্তের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। দুর্নীতি দমন কমিশনের একটি মামলা চলমান। কিন্তু ওই মামলার রায় হয়নি। রায় দেওয়ার আগেই আমাকে বরখাস্ত করা হলে আমি আইনি ব্যবস্থা নেব।”
বোয়ালমারীর ইউএনও মোশারেফ হোসাইন বলেন, “আজই সাময়িক বরখাস্তের চিঠি পাওয়া গেছে। তাকে এ কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।”
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ২০১৯ সালে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদক একটি মামলা করেছিল বলে জানান ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম।
