সীমান্তে কথা বলছিলেন ইউপি সদস্য, গুলি এসে লাগল কোমরে
নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের জামছড়ি সীমান্তে মসজিদের পাশে এ ঘটনা ঘটে বলে এক জনপ্রতিনিধি জানিয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে এক ইউপি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত ইউপি সদস্যের নাম সাবের আহমদ। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন সাংবাদিকদের বলেন, “সোমবার বিকাল ৪টার দিকে সীমান্ত এলাকা জামছড়ি মসজিদের পাশে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন সাবের আহমদ। এ সময় সীমান্তের ওপার থেকে আসা একটা গুলি তার কোমড়ে এসে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
এ বিষয়ে কথা বলতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী-বিজিপির আরও ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন বিজিবি।
সোমবার দুপুর আড়াইটার দিকে তারা মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে অনু্প্রবেশ করেছেন বলে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী-বিজিবির সদর দপ্তরের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়।
তাদের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি ৩০২ জন, তাদের পরিবারের চার সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।
