কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পর হিরা খান গ্রেপ্তার হন বলে জানিয়েছেন দলের নেতারা।
নাশকতা ও ভাঙচুর মামলার আসামি এক বিএনপি নেতা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।
শুক্রবার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার মো. আমিরুল ইসলাম।
মৃত আসাদুজ্জামান হিরা খান (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে।
সুপার আমিরুল জানান, শ্রীপুর থানার নাশকতা ও ভাঙচুর মামলার আসামি হিসেবে কারাবন্দি ছিলেন হিরা খান। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি কারাগারে বুকে ব্যথা অনুভব করেন।
পরে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক জানান, হিরা ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
দলীয় ও পারিবারিক সূত্রের বরাতে তিনি জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়েছিলেন হিরা খান। সমাবেশে যাওয়ার পর তারা জানতে পারেন তিনি গ্রেপ্তার হয়েছেন। তারপর থেকে আদালতে একাধিকবার জামিন চেয়েও পাননি তিনি।
