সাভারে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ বন্ধু
মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের বিপরীতের এ ঘটনা ঘটে।
ঢাকার সাভার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে মোটরসাইকেল ধাক্কা লেগে আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, রোববার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের বিপরীতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৫) ও বরিশালের হিজলা উপজেলার নিজাম উদ্দিনের ছেলে আল মামুন (২৭)। তারা দুইজন বন্ধু ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজিজুল হক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এনামুল ও মামুন।
তিনি বলেন, খবর পেয়ে রাতেই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুন।
ওসি আরও বলেন, পরে এনামুলের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
