স্কুলভবন নির্মাণে ‘নিম্নমানের’ সামগ্রী, কাজ বন্ধ করলেন ইউএনও
রংপুরে ভবন নির্মাণের কাজ তদন্তে তিন সদস্যের কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও।
রংপুরের গঙ্গাচড়ায় একটি বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শানিবার উপজেলার বেতগাড়ি ইউনিয়নের চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে এক ঠিকাদারকে অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে ইউএনও ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভবনের নির্মাণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন গঙ্গাচড়ার ইউএনও নাহিদ তামান্না।
ইউএনও জানান, এ ঘটনায় রোববার উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল হানিফকে আহ্বায়ক করে সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন ও উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমানকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় আট মাস আগে ওই বিদ্যালয়ের দুই তলাবিশিষ্ট ভবন নির্মাণ শুরু হয়। এতে অর্থ বরাদ্দ দেওয়া হয় ৯০ লাখ টাকা। কাজটি পান স্থানীয় ঠিকাদার রাজিব মিয়া।
স্থানীয়দের অভিযোগ, গত শনিবার ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। এতে নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করা হয়। গাঁথুনিতেও নিম্নমানের ইট দেওয়া হয়। এলাকাবাসী ঠিকাদারকে ভালোমানের উপকরণ ব্যবহার করতে বলেন। এতে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করলে তাকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনটি নির্মাণ হচ্ছে নিম্নমানের ইট ও বালু দিয়ে। কিন্তু দেখার কেউ নেই। এভাবে ভবন নির্মাণ হলে শিক্ষক ও শিক্ষার্থীরা থাকবেন ঝুঁকিতে।”
চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ হলে তা কিছুদিনের মধ্যেই ভেঙে পড়তে পারে। আমাদের শিশুরা এখানে লেখাপড়া করে। তারা মৃত্যুঝুঁকিতে থাকবে। এ কারণে আমরা কাজে বাধা দিয়েছি।”
চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় আমরা স্কুলে যাইনি। এ সুযোগে ঠিকাদার নিম্নমানের ইট ও বালু দিয়ে কাজ করছিলেন।”
ঠিকাদার রাজিব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢাকায় ছিলাম। ভুলবশত দুই হাজার নিম্নমানের ইট স্কুলে নেওয়া হয়েছিল। স্থানীয়রা আপত্তি তোলায় তা ফেরত নিয়েছি। তবে আমাকে কেউ অবরুদ্ধ করে রাখেনি।”
কাজ বন্ধের বিষয়ে জানতে চাইলে রাজিব মিয়া বলেন, “তাৎক্ষণিক ইউএনও এসে কিছু নিম্নমানের ইট দেখতে পেয়েছিলেন। সেগুলো অপসারণ না করা পর্যন্ত কাজ করতে নিষেধ করেছেন।”
উপজেলা প্রকৌশলী মজিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলভবন নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও নাহিদ তামান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন হাতে পেলে ওই ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
