২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বরফ কলে গ্যাস পাইপ লিকেজে একজন নিহত

বরফ উৎপাদন যন্ত্রের সিলিন্ডারে ব্যবহৃত এই গ্যাস হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 01:54 PM

Updated : 26 Apr 2023, 03:44 PM

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বরফ কলে সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে গ্যাসের তীব্র তাপে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কালাইয়া ইউনিয়নের কালাইয়া লঞ্চঘাট এলাকায় খান বরফ কলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক।

নিহত মো. রাসেল খান (৩৭) ওই বরফ কলের সহকারী পরিচালক ছিলেন। আহতরা শ্রমিকরা হলেন, প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণা রাণী ( ৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।

পুলিশ ও আহত শ্রমিকরা সাংবাদিকদের জানায়, ঘটনার কিছু সময় পূর্বে মেশিনে ঘটঘট শব্দ করতে থাকে। কারিগরি ক্রটি মেরামতের পর আইস মেইকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। এরপরেই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসলেও সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার ফলে তাদের উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হয়। প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দশমিনা টিম যুক্ত হয়ে যৌথভাবে হতাহতদের উদ্ধার করে।

বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার সেলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বরফ কলের ইঞ্জিনে ক্রটি দেখা দেয়ার পর শ্রমিকরা তা মেরামত করতে থাকে। এক পর্যায়ে বিকট শব্দে পাইপ লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। এসময় অন্য শ্রমিকরা বের হতে পারলেও একজন বের হতে পারেননি। তাই তিনি মারা গেছেন।

“এটা ‘অ্যালুমিনিয়াম গ্যাস’ যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয়। বরফ উৎপাদন যন্ত্রের সিলিন্ডারে এই গ্যাস ব্যবহার করা হয়।”

স্টেশন লিডার বলেন, “আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি গ্যাসের সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে। তাই বিকট শব্দ হয়। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিলেন তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হয়েছেন।”

ওসি এটিএম আরিচুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের প্রথমে বাউফল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।