নেত্রকোণায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে পুলিশসহ নিহত ২
এ ঘটনায় আরও ছয়জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন বলে জানায় পুলিশ।
নেত্রকোণায় প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার বিকালে ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের চল্লিশা ঝাউসী এলাকায় এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার এসআই মশিউল জানান।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার আজিজুল হাকিম ও সদর উপজেলার শাহবাজপুর এলাকার সোলায়মান ফকিরের ছেলে মো. ফারুখ মিয়া (২১)।
তাদের মধ্যে আজিজুল নেত্রকোণার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আর ফারুখ মিয়া অটোরিকশারটির চালক। কনস্টেবল আজিজুল হাকিম অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতরা হলেন- নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পাবই গ্রামের রাহাতুল (৪৫), পলাশহাটি গ্রামের পাভেল (৩০), নজরুল ইসলাম (৪০), মাহাবুব (৬৫), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শারমিন ( ৩৫) ও প্রাইভেটকারের চালক মাদারীপুর জেলার পানুন মিয়া (৩৫)।
তাদের মধ্যে পানুন মিয়া নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মশিউল জানান, ওই সড়কের চল্লিশার ঝাউসী এলাকায় নেত্রকোণাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আহতদের পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে এসআই মশিউল জানান।
