২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে এক জালে ধরা পড়ল ৯ লাখ টাকার মাছ

জেলে পরিবারটিতে এখন বইছে খুশির জোয়ার।

টেকনাফে এক জালে ধরা পড়ল ৯ লাখ টাকার মাছ

কয়েকদিন ধরে প্রচুর মাছ ধরা পড়ায় জেলেদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2022, 07:59 PM

Updated : 19 Nov 2022, 10:03 PM

টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলের এক জেলের জালে দুই দিনে যে পরিমাণ মাছ ধরা পড়েছে তার বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা।

শনিবার দুপুরে ও গত শুক্রবার বিকালে মাছগুলো ধরা পড়ে ওই দ্বীপ এলাকার মাঝেরপাড়ার মোহাম্মদ কলিম উল্লাহর জালে।

জেলে পরিবারটিতে এখন বইছে খুশির জোয়ার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছ দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন।

শনিবার ওই জেলের জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ৩০০ মণ মাছ ধরা পড়ে। যা তিনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। গত শুক্রবার ধরা পড়া মাছগুলো বিক্রি হয়েছিল চার লাখ টাকায়।

কলিম উল্লাহ জানান, মাছগুলো আড়তে নেওয়ার সঙ্গে সঙ্গে পাইকাররা কিনে নিচ্ছেন। কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাইকাররা পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে।

Image

মাছগুলো আড়তে নেওয়ার সঙ্গে সঙ্গে পাইকাররা কিনে নিচ্ছেন।

কয়েকদিন ধরে প্রচুর মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ২০১৯ সাল থেকে (৬৫ দিন) মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ কারণে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ উপকূলের জেলেদের জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে। অবশ্যই এটা আনন্দের সংবাদ।”