১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 03:09 PM

Updated : 16 Sep 2026, 03:09 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া শিশুদের মধ্যে তিন বছর আট মাস বয়সি সামিহা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ময়নূলের মেয়ে। সাত মাস বয়সি পরশ একই জেলার দিরাই উপজেলার বাসিন্দা প্রদ্যুৎ-এর ছেলে।

অপর শিশুটি এক বছর আট মাস বয়সি ইলমা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ইব্রাহিমের মেয়ে।

এদিকে হাম পরিস্থিতি নিয়ে বুধবার সকালে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় আরও ১৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৬৮ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৪৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে।