সিলেটে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত
শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে পিটিয়ে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত মুজিবুর রহমান (৪৫) ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শনিবার দুপুরে ওসি রফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার সকালে মুজিবুর রহমানের মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়েছিল। পরে রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই সজিবুর রহমান, ফয়জুর রহমান, তাদের চাচাতো ভাই মুহিবুর রহমান, তার ছেলে এবাদুর রহমান এবং আজাদ মিয়াও আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আজাদ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্তী প্রতিপক্ষের সঙ্গে আমাদের বিরোধ চলছে। শুক্রবার সকালে আমার চাচা মুজিবুর রহমানের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়।
“এসময় ধান ক্ষেতে চাচাকে একা পেয়ে তারা ৫-৬ জন মিলে পিটিয়ে আহত করে। খবর পেয়ে আমরা এগিয়ে গেলে তারা আমাদের উপরও হামলা করে।”
ওসি রফিকুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
