দেড়শ প্রজাতির ভেষজে সমৃদ্ধ নাটোরের ১৫ ‘ওষুধি গ্রাম’
কৃষিজমি, বাড়ির আঙিনা বা উঠান বলতে তেমন ফাঁকা নেই। যেদিকে চোখ যায়, কোনো আগাছা-পরগাছা নয়, সবই ওষুধি গাছ।
নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামে প্রায় দেড়শ প্রজাতির ভেষজ উদ্ভিদ চাষ হচ্ছে। এরই মধ্যে গ্রামগুলো ‘ওষুধি গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে।
এসব গ্রামের কৃষিজমি থেকে শুরু করে বাড়ির আঙিনা-উঠান, আনাচে-কানাচে বেড়া বা রাস্তার ধারে কোথাও তেমন ফাঁকা নেই। যেদিকে চোখ যায়, কোনো আগাছা-পরগাছা নয়, সবখানেই হচ্ছে ভেষজ বা ওষুধি গুণসম্পন্ন উদ্ভিদের চাষ।
গ্রামগুলোর প্রায় ১ হাজার বিঘা জমিতে বেড়ে উঠেছে এসব ভেষজ গাছ। আর এতে জড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার মানুষের জীবিকা।
ঘৃতকুমারী, শিমুলের মূল, অশ্বগন্ধা, দাউদমূল, শতমূল, কালোমেঘ, পাথরকুচি, মিছরিদানা, বাসক, তুলসী, হরতকি, বহেরা, তেলাকুচো, কেশরাজ, ধুতরা, পুদিনা, যষ্টিমধু, নিম, অর্জুন, উলটকম্বল, লজ্জাবতী, হস্তী পলাশ, নিশিন্দা, রাজকণ্ঠ, নীলকণ্ঠ, হিমসাগর, দুধরাজ, ঈশ্বর মূল, রাহুচান্দাল, রক্তচান্দাল, ভাই চান্দাল, বোন চান্দাল, ভুঁইকুমড়া, আমরুল, কেয়ামূলসহ বিভিন্ন ভেষজ গাছে ছেয়ে আছে নাটোর শহর থেকে ১০ কিলোমিটার পূর্বের লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার এই ওষুধি গ্রামগুলো।
সরেজমিনে গ্রামগুলোয় সবচেয়ে বেশি চাষ হতে দেখা গেছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা, শিমুল মূল, অশ্বগন্ধা, মিশ্রিদানা, শতমূল ও কালোমেঘের।
জমিতে অ্যালোভেরার পাতা ভাঙতে ভাঙতে ইব্রাহীমপুর এলাকার ভেষজ চাষি আমিরুল হোসেন বলেন, “আমরা মূলত ঘৃতকুমারীর চাষ করে থাকি। এ ছাড়া পাশাপাশি শিমুল মূল, অশ্বগন্ধা, মিশ্রিদানা, শতমূল ও কালোমেঘেরও চাষ বেশি হয়।”
আমিরুল জানান, প্রতি বিঘায় চারা রোপণ, পরিচর্যা, কীটনাশক, শ্রমিকের মজুরি ও আনুষঙ্গিক দেড় থেকে দুই লাখ টাকা ব্যয় মিটিয়ে বাজার ভালো থাকলে বছরের সাত মাসে সাড়ে তিন থেকে চার লাখ টাকা বিক্রি হয়।
জমি থেকে ঘৃতকুমারীর একটি পচা পাতা তুলতে তুলতে তিনি বলেন, “এই দেখেন, এভাবে অনেক সময় পাতায় পচন ধরে। একটা পাতার পচনে পুরো গাছ পচে যায়। ঘৃতকুমারী চাষে এইটা সবচেয়ে বড় রোগ। এই রোগ দমনে আমরা কোনো প্রতিষেধক পাই না। কেউ কোনো সাহায্য করে না।”
কীটনাশকের বোতল নিয়ে নিজের জমিতে স্প্রে করার জন্য আমিরুলের অ্যালোভেরা ক্ষেতের উপর দিয়ে যাচ্ছিলেন ভেষজ উদ্ভিদের কৃষক মিজানুর রহমান।
তিনি জানান, পরিচর্যার পাশাপাশি অ্যালোভেরার রোগ-বালাই দমনে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়।
উদ্ভিদটির চাষ পদ্ধতি ও বেচা-বিক্রির ব্যাপারে জানতে চাইলে মিজানুর বলেন, “কার্তিক মাসে ঘৃতকুমারী গাছটা কাইট্টা দাবায় দিব। তারপর দুই মাস লাগে তাজা হইতে। এরপর দুই-তিনডা পাতা কাইটা ফেলাই দিতে হয়।”
তিনি আরও বলেন, “প্রথম জমি লাগাতে প্রতি বিঘাতে সর্বনিম্ন কামলা লাগে ২০টা। এরপর মাল হলে সাত মাস আমরা বিক্রি করতে পারি; তিন মাস আমাদের গ্যাপ থাকে, মালডা বিক্রি হয় না।”
প্রতি ১৫ দিন পরপর জমি থেকে অ্যালোভেরা তুলতে হয় বলে জানান এ চাষি।
মিজানুর আরও জানান, ফলন অনুযায়ী প্রতি বিঘায় ছয় থেকে আট গাড়ি অ্যালোভেরা ওঠে। প্রতি গাড়িতে ৫০ কেজির ছয়টি গাঁট (মোট ৩০০ কেজি) ধরে; আকারভেদে যেগুলো তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হয়।
বাজারের পাশাপাশি জমিতে এসেও স্থানীয় ব্যবসায়ী ও পাইকাররা ওষুধি এসব গাছ কিনে নেন।
ওষুধি গ্রামে পাতা ও মূল তোলা, গাঁট বাঁধা ও পরিবহনে কর্মসংস্থান হয় শত শত শ্রমিকের।
ঢাকার পাইকার মন্টুর জমির অ্যালোভেরা কিনে নিলেও গাঁট বাঁধার কাজ করছিলেন তানিম হোসেন।
সকাল ৬টা থেকে আমিরুলের জমিতে পাতা তোলার কাজ করছেন জানিয়ে মন্টু হোসেন বলেন, “ঘৃতকুমারী তুলি, সার-ওষুদ দি, নিড়াই, কৃষিকাজই করি। আমাকে কামের জন্যে খুঁজি লেয়। সাড়ে তিনশ টিকা, চারশ টিকাও ইনকাম করি, কাম বুজি কামের দাম। বাড়ির কামও করি, এইভাবেই চলি যায়। দুইটি বাজলেই বাড়িত চলি যাবো।”
লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার শিমুলমূল চাষি ও অ্যালোভেরা ছাড়াও ভেষজ কাঁচামালের ব্যবসায়ী সেলিম রেজা অভিযোগ করে বলেন, “এখানে অ্যালোভেরা দেখতেছেন, এটার জন্য যদি আমাদের কোল্ড স্টোরেজের একটা ব্যবস্থা থাকত, তাহলে মালটা আমরা সংরক্ষণ করতে পারতাম।
“শিমুলমূল, শতমূল, শঙ্খমনি এগুলাও কাঁচামাল। এগুলাও কোল্ড স্টোরেজে সংরক্ষণ করলে বছরে বারো মাসই এর চাহিদা থাকে। আমরা এগুলো ওইভাবে সংরক্ষণ করার মত কোনো জায়গা কিংবা সরকারি কোনো সংস্থা দেয়নি; আমরা পাই নাই। সেকারণে আমরা পণ্যগুলো সংরক্ষণ করতে পারি না। ১০-৫ দিনের মধ্যেই এগুলো বিক্রি করতে হয়। না হলে নষ্ট হয়ে যায়।”
সেলিম রেজার ভাষ্য, “সরকারি বিভিন্ন কর্মকর্তা, এমনকি মন্ত্রী পর্যন্ত আমাদের গ্রামে আসছে বিভিন্ন আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। ওষুধি গ্রামের চাষিরা তো অবহেলিত। তাদের চাষাবাদের ক্ষেত্রে খরচটা হয়, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে বাজার নিম্নগামী থাকে। সরকার যদি এ খাতে স্বল্পসুদে বা সুদবিহীন ঋণের ব্যবস্থা করত.....।
“আমাদের ওষুধি গ্রাম তো একটি সম্ভাবনাময় গ্রাম; সরকার যদি একটু সহায়তা করতো, আমরা আরও একটু উপকৃত হতাম। চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের যদি দক্ষ ট্রেইনার দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আমরা আরও উপকৃত হতাম।”
ওষুধি গাছগুলোর রোগ-বালাই দমন, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ, প্রশিক্ষণ ও সংরক্ষণের ব্যবস্থাপনা ভালো না হওয়ায় দিন দিন ভেষজ চাষাবাদ থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে অভিযোগ চাষিদের।
চাষিরা এসব ব্যবস্থা না থাকার কথা জানালেও ওষুধি গ্রামের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে কৃষি বিভাগ ও খাত সংশ্লিষ্টরা কাজ করছেন বলে দাবি জেলা প্রশাসকের।
চাষিদের সঙ্গে ব্যবসায়ীরা ওষুধি গ্রামের বিভিন্ন সমস্যার ব্যাপারে সুর মেলালেও তাদের ব্যবসার প্রসার ঘটছে ঠিকই।
ভেষজ এসব গাছ-গাছরা ভেঙে গুঁড়ো করার জন্য গ্রামগুলোতে স্থাপিত হয়েছে শতাধিক মিল।
ব্যাপক চাহিদা থাকায় শত রকমের ভেষজ কারবারিদের হাত ধরে চলে যাচ্ছে দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে।
শিকদার ভেষজ ও হাকিমি দাওয়াখানা, ভান্দারি ভেষজ ভাণ্ডার, বনলতা ভেষজ ভাণ্ডারসহ ওষুধি গ্রামের ৫০-৬০ জন ব্যবসায়ী ওষুধি গাছ প্রক্রিয়াজাত করে, গাছ থেকে গুঁড়ো তৈরি করে বিভিন্ন এলাকা থেকে আসা কবিরাজ, হকার এবং বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির কাছে খুচরা এবং পাইকারি দরে বিক্রি করেন।
দেলোয়ার হোসেন নামে তেমনি একজন বলেন, “আমলকী, হরতকি, বহেরা, অশ্বগন্ধা, কালোমেঘসহ বিভিন্ন ওষুধি পণ্য নাটোর থেকে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করি। মালগুলো শুকানোর ক্ষেত্রে আমাদের ব্যাপক সমস্যায় পড়তে হয়।”
আব্দুল্লাহ আল মামুন নামে ভেষজ উদ্ভিদ গুঁড়োর এক মিল-মালিক বলেন, “আমাদের এ মিলডায় বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের পাউডার হয়। প্রায় ৭০-৮০ রকমের মাল এখানে চূর্ণ করা হয়। এখান থেকি গোটা বাংলাদেশের ৬৪টা জেলা এবং উপজেলা পর্যন্ত আমাদের মাল যায়।”
খোলাবাড়িয়া, কাঁঠালবাড়িয়া, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, সুলতানপুর, চুবারিয়া, পিজ্জিপাড়া, দরারপুর, টলটলিয়া পাড়া, নতুনবাজার, হাজীগঞ্জ, আমিরগঞ্জসহ ১৫টি ওষুধি গ্রামের ১০০ থেকে ১২০ জন কবিরাজ, ৪০০-৫০০ জন হকার, দেড়শ থেকে ২০০ ব্যবসায়ী এবং সাড়ে চার থেকে পাঁচ হাজার কৃষকের জীবিকা জড়িয়ে আছে এ ওষুধি গাছের সঙ্গে।
জানা যায়, এ অঞ্চলে ভেষজ বিপ্লবের নেপথ্যের নায়ক ছিলেন মো. আফাজ উদ্দিন পাগলা নামে এক কবিরাজ। যিনি ২০০৯ সালে কৃষি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘চ্যানেল আই কৃষি পদক’ পেয়েছিলেন। তিনি আজ প্রয়াত।
আমিরগঞ্জ গ্রামের প্রবীণ জয়নাল হকের দাবি, ওষুধি গ্রামজুড়ে শত শত প্রজাতির ভেষজ উদ্ভিদ আছে। যেসবের চাষ থেকে শুরু করে বাজারজাতকরণের সঙ্গে জড়িয়ে আছে প্রায় ১৫ হাজার মানুষ।
তিনিও অভিযোগ জানান, ভেষজ গাছের সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রশিক্ষণ এবং চাষিদের সহজ শর্তে ঋণ না পাওয়ার।
জয়নাল বলেন, “ওষুধি গ্রামের কৃষকদের সরকার যদি একটু প্রশিক্ষণ দেওয়াইতো, বাজারজাত করাইত, বিনা সুদে ঋণ দিতো কৃষক আরও ব্যাপকভাবে এইগুলো করতে পারতো। একটা কোলেসটোরেল অবশ্যই আমাদের দরকার, ১৫ডা গেরামের চাষিদের ল্যাগি। হইলে কৃষকগুলো আরও লাভ হইতো।
“সরকার তো এ পর্যন্ত কোনো উদ্যোগই নেয় না। জায়গায় জায়গায় গিয়ে দেখেন অ্যালোভেরা পচায় ফ্যালাইতাছে। বাজারজাত ও কোলেসটরেল ব্যবস্থা করলে দেশের চাহিদা মিটায় আমরা বিদেশেও রপ্তানি করতে পারতাম।”
আমিরগঞ্জ বাজারে আব্দুল হালিম, সিদ্দিকুর রহমান, মিন্টি হোসেনসহ অন্তত ১০ জন চাষির সঙ্গে কথা হয়। ওষুধি গ্রামের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে সঠিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও প্রশিক্ষণের ঘাটতির কথা জানান তারা।
আন্তর্জাতিক বাজারে ভেষজ পণ্যের ব্যাপক চাহিদা থাকায় নাটোরের ওষুধি গাছের সঠিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যমে দেশের কৃষিতে বৈষম্য দূর করার পাশাপাশি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব বলে জানান ভেষজ ব্যবসায়ীরা।
যদিও নাটোরের ভেষজ চাষিদের টেকসই উন্নয়ন, ওষুধি গাছ সংরক্ষণ, বাজারজাতকরণ, জাত বৃদ্ধি ও গবেষণার মাধ্যমে যুগান্তকারী পরিবর্তনে কৃষি বিভাগ কাজ করছে বলে দাবি জেলা প্রশাসনের।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া বলেন, “নাটোর সদরের খোলাবাড়িয়ায় ১৫-১৬টি গ্রাম নিয়ে যে ওষুধি গ্রাম রয়েছে সেটি একটি বৃহৎ গ্রাম। এখানে ১৫ থেকে ১৬ হাজার লোক সরাসরি ভেষজ উদ্ভিদের উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত। নাটোরের ঐতিহ্য হিসেবে আমরা এটি লালন করি।
“সরকারের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাটোরে এসে এ গ্রামটির উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা জেলা প্রশাসনও তাদের সঙ্গে রয়েছি, তাদের খোঁজ-খবর রাখছি। তাদের সুবিধা-অসুবিধাগুলো পর্যবেক্ষণ করছি। কৃষি বিভাগের মাধ্যমে আমরা এটা সবসময় নজরদারির মধ্যে রাখছি।”
তার ভাষ্য, “কৃষকের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, কাঁচামালের দাম ও সংরক্ষণের কিছু ঘাটতির কথা। কৃষি বিভাগ এ বিষয়গুলোর উন্নয়নে কাজ করছে। অ্যালোভেরার রোগ দমন ও গবেষণার মাধ্যমে এ ভেষজ প্রজাতির উন্নয়ন ও মান নিয়ন্ত্রণে কৃষি বিভাগ কাজ করছে।
“এ ছাড়া অন্যান্য ওষুধিগুণ সমৃদ্ধ ভেষজে বাজারজাতকরণ ও বিদেশে রপ্তানির লক্ষ্যে আমরা কাজ করছি। এরই মধ্যে, উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রসাধনী কোম্পানিতে কৃষকেরা তাদের পণ্য সরবরাহ করছেন।”
“এ বাজারকে আরও বেগবান করতে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। ওষুধি গ্রামের কৃষকেরা যেন তাদের ভেষজ পণ্যের ন্যায্য মূল্য পান আমরা সেই চেষ্টাও অব্যাহত রেখেছি,” বলেন জেলা প্রশাসক।
