ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা-ভাঙচুর
ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে স্থানীয় এক বাসিন্দার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শান্তামুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
জহির মিয়া নামে ওই বাসিন্দা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জহির মিয়ার বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হচ্ছিল।
খাটিংগা গ্রামের বাসিন্দা মো. সরল খান বলেন, “জহিরের কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছেন, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তার মাদক বিক্রি বন্ধ করা যায়নি। মাদক বিক্রির প্রতিবাদ করায় বুধবার তিনি গ্রামের দুই ব্যক্তিকে দা দিয়ে কোপান।”
তাদের একজনের হাতে ১৫টি সেলাই দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
সরল খান বলেন, “মাদক বিক্রি বন্ধ করতে না পেরে শুক্রবার সকালে শতাধিক এলাকাবাসী তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।”
ঘটনার পর থেকে জহির মিয়া আত্মগোপনে রয়েছেন। তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইলফোনে কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জহির মিয়ার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মাদকসংক্রান্ত ও দুটি মারামারির মামলা।”
তিনি বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। কারও বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। জহিরের মামলাগুলো নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।”
