ক্ষোভ থেকে নিজেই ইউপি সদস্য পদে দাঁড়ালেন ভিক্ষুক
আগামী ২৯ ডিসেম্বর ভোলার চরফ্যাশনের নীলকমল ইউনিয়ন পরিষদের নির্বাচনে তালা প্রতীক নিয়ে লড়বেন তিনি।
নির্বাচনের সময় প্রার্থীরা জয়ী হলে জনসাধারণের পাশে দাঁড়ানোসহ নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু জয়ের পর গরিবদের পাশে তাদের আর পাওয়া যায় না। জনপ্রতিনিধিদের এমন আচরণের প্রতি ক্ষোভ থেকে এবার নিজেই নির্বাচনে দাঁড়িয়েছেন আবদুল জলিল (লেদু)।
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা আবদুল জলিল ভোলার চরফ্যাশন উপজেলায় নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করছেন। আগামী ২৯ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘তালা’ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়তে নামা আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউপি ভোটের সময় হলে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে ছুটে আসেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু নির্বাচনে জয়ী হলে দেখা যায় তার উল্টো। গরিবরা কিছু পায় না। বড়লোকদের সব ধরনের সুযোগ সুবিধা দেন জনপ্রতিনিধিরা। সেই ক্ষোভ থেকেই আমি মেম্বার প্রার্থী হয়েছি।”
তিনি আরও বলেন, “জয়ী হতে পারলে গরিব মানুষের সেবা করব এবং দুঃখে-সুখে তাদের পাশে দাঁড়াবো। এলাকার উন্নয়ন করব। ভোট যাতে সুষ্ঠু হয়, প্রশাসনের কাছে সেই দাবি করছি।”
এমন অঙ্গিকার নিয়েই সকাল-সন্ধ্যা গণসংযোগসহ প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই ভিক্ষুক। ভোট চাইতে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুঁটে যাচ্ছেন ভোটারদের কাছে।
ভোটারদের মধ্যে অনেকেই তার এমন চেষ্টাকে স্বাগত জানিয়ে বলছেন, অসহায় ও গরিব দুঃখি মানুষের সেবা করতে সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল জলিল। কারণ তিনি গরিবের ব্যথাটা ভালো বুঝতে পারবেন।
আবার অনেকেই প্রার্থী হিসেবে তাকে বাঁকা চোখেই দেখছেন। কিন্তু সেগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন আবদুল জলিল।
