২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহে নারী উদ্যোক্তা আটক

তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 10:21 AM

Updated : 26 Oct 2026, 10:40 AM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি একটি বিউটি পার্লারের মালিক।

রোববার সন্ধ্যায় স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর আগে একইদিন বিউটি পার্লার মালিক সাথী আক্তার তার ব্যক্তিগত ফেইসবুক থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ক্ষোভ ও হতাশা থেকে নানা বক্তব্য দেন সাথী আক্তার।

ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে সাথী জানান, টানা ১৪ বছর ধরে তিনি ব্যবসা পরিচালনা করলেও সম্প্রতি তার প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা ঘটছে।

গত দুই মাসে তার ব্যবসা প্রতিষ্ঠান ও খাদিজা প্লাজার অন্যান্য দোকান থেকে কয়েকবার এসি ও কারেন্টের তার চুরি হয়। সবশেষ তার দুই শোরুমের ২৪ হাজার টাকার বিদ্যুতের তার চুরি হয়ে যাওয়ায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন বলেও জানান।

সাথী বলেন, “এখন আর পারতাছি না, এখন আর মানে এখন নিজের জুতা খুলে কপালে বাইরানোর দরকার।”

তার এই বক্তব্যের ভিডিও স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

পরে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, “বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”