২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

অনুমতি ছাড়া খাদ্যগুদাম পরিদর্শন: খাদ্যমন্ত্রীর এপিএসকে অব্যাহতি

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অনুমতি ছাড়া খাদ্যগুদাম পরিদর্শন: খাদ্যমন্ত্রীর এপিএসকে অব্যাহতি

খাদ্য মন্ত্রণালয়। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 09:09 PM

Updated : 26 Oct 2026, 09:23 PM

অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় খাদ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবদুল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের অভিপ্রায় অনুযায়ী সোমবার তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান আবদুল আউয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে সরকারি সফরসূচি জারি করা হয়েছিল।

এপিএসের সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আগে থেকে জানতেন না। বিষয়টি জানার পর আফরোজা খানম অসন্তোষ প্রকাশ করেন। পরে আবদুল আউয়ালকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি।

এদিকে সোমবার আরেক আদেশে মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আফরোজা খানম যতদিন খাদ্যমন্ত্রীর পদে থাকবেন বা মিজানুর রহমানকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।