বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাবা-ছেলে দুজনই ছিটকে পড়ে।
ঢাকার সাভারের আশুলিয়ায় বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান।
নিহত ১২ বছরের ইব্রাহিম খলিল মাহাদী উত্তরখান থানার এসআই ফজলুর রহমানের ছেলে এবং শ্রীপুর এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। আশুলিয়ার কুটুরিয়ার নিক্কন হাউজিংয়ে পরিবারের সঙ্গে থাকত সে।
ওসি বলেন, মাদ্রাসা থেকে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো মাহাদী। পথে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে।
“পরে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মাহাদীর মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।
ওসি আজিজুল বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেবেন তারা।
