কুড়িগ্রাম ও পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের
রৌমারীতে ঘাস কাটতে গিয়ে এবং বেড়ায় তিল শুকাতে গিয়ে তাদের মৃত্যু হয়।
কুড়িগ্রাম ও পাবনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে; এ সময় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার কুড়িগ্রামের রৌমারী শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রাম এবং পাবনার বেড়ার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রৌমারী থানা ওসি রুপ কুমার ও বেড়া মডেল থানার ওসি মোহা. হাদিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- রৌমারীর শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামের কৃষক আমির হামজা (৫২) এবং বেড়ার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক আরব ফকির (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে রৌমারী থানা ওসি রুপ কুমার বলেন, কৃষক আমির হামজা বাড়ির পাশের এক জমিতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়রা ঘটনাস্থল ওই কৃষকের মরদেহ উদ্ধার করে তার বাড়ি নিয়ে আসেন।
এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে এলাকাবাসীর বরাত দিয়ে বেড়া মডেল থানার ওসি হাদিউল ইসলাম বলেন, আরব ফকির, তার স্ত্রী ও ভাই বাড়ির পাশে তিল শুকাচ্ছিলেন। পরে হালকা বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে ছাতা নিয়ে তারা তিল ঘরে উঠাচ্ছিলেন।
এ সময় হঠাৎ করে বজ্রপাতে আরব ফকির ঘটনাস্থলে মারা যান এবং তার স্ত্রী ও ভাই গুরুতর আহত হয়ে মাঠের মধ্যে পড়ে যান।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে হস্তান্তর করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
