গাইবান্ধায় শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩
নির্মাণাধীন একটি ভবনের মেঝের বালু খুঁড়ে অস্ত্র-গুলি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।
গাইবান্ধা সদর উপজেলায় দেশে তৈরি এক নলা ওয়ান শুটারগান ও দুটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামে নির্মাণাধীন ভবনের মেঝের বালু খুঁড়ে এসব উদ্ধার করা হয় বলে জানান গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের প্রয়াত নুরনবীর ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের প্রয়াত আসমত বেপারীর ছেলে মোজাম্মেল হক (৫২) এবং উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের প্রয়াত কছিমুদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০)।
শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে সরকারপাড়া গ্রামের জাকির হোসেন জাফরুলের নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়।
এ সময় ভবনের মেঝের বালুর নিচ থেকে একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে রাখা এক নলা ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধারসহ ওই তিনজনকে আটক করা হয় বলে জানান তিনি।
আটক তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার কামাল হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোখলেছুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
