সুনামগঞ্জে হাওরের ডোবায় নিখোঁজ শিশুর মরদেহ, কিশোর আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিখোঁজের তিনদিন পর হাওরের ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার নতুন জগদল গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হাওরের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন।
নিহত আমির হামজা (৭) উপজেলায় নতুন জগদল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আটক কিশোর ষষ্ট শ্রেণির শিক্ষার্থী।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ বলেন, “৮ এপ্রিল বিকালে আমির হামজা এক কিশোরের সঙ্গে বাড়ি থেকে বের হয়। তারা স্থানীয় বাজারে গিয়েও ঘুরাঘুরি করে।
“সন্ধ্যায় একা বাড়ি ফিরে আসে কিশোর। এরপর আমির হামজাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে রোববার দিরাই থানা পুলিশকে অবগত করেন স্বজনরা।”
তিনি আরও বলেন, “সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হাওরের ডোবা থেকে কাদামাখা অবস্থায় শিশুটির লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।”
ওসি কাজী মোক্তাদীর হোসেন বলেন, “রোববার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
