চলন্ত বাইকের সামনে হঠাৎ কুকুর, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
পুলিশ বলছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ ঘটনা ঘটেছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
সোমবার মধ্যরাতে উপজেলার মাধবপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহতরা হলো- উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের স্নাতকের শিক্ষার্থী রুবেল হোসেন (২২) এবং একই গ্রামের ইউনুস আলীর ছেলে ও এসএসসি উত্তীর্ণ যুবরাজ (১৬)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পাবনা শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন বাড়ি ফিরছিলেন। গাড়িতে বেশ গতি ছিল। হঠাৎ মোটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে।
তখন কুকুর বাঁচাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের স’মিলের কাঠের গুঁড়ির স্তুপের সঙ্গে সজোরে ধাক্কায় খায়। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যায়। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। দুজনের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। অপমৃত্যুর মামলা হয়েছে।
