০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে নিয়োগে অনিয়মের চেষ্টার অভিযোগ এনে বিক্ষোভ, পদত্যাগপত্রে সই অধ্যক্ষের

লেনদেনের মাধ্যমে চার পদে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 06:58 PM

Updated : 04 Oct 2026, 06:58 PM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি মাদ্রাসায় চারটি পদে নিয়োগ নিয়ে অনিয়মের চেষ্টার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন কিছু মানুষ।

রোববার সকালে ‘সচেতন জনগণ’ ব্যানারে মাদ্রাসায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা ও সাবেক শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভকারীদের দাবির মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্রে সই করেন।

রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসনজিলা তাসনিম।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসায় ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদে লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

বিক্ষোভকারীরা নিয়োগ পরীক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশের দাবি জানান। একই সঙ্গে মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত বা পুনর্গঠনের দাবিও তোলেন তারা।

নিয়োগে অনিয়ম বা টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করে মোখলেছুর রহমান বলেন, “কয়েক দিন আগেই আমি স্বেচ্ছায় পদত্যাগপত্র দিয়েছিলাম। তবে পরিচালনা কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীদের সামনে পদত্যাগপত্রে সই করেছি।”

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও সুখদেব মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “কিছু লোকজন মাদ্রাসায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে অধ্যক্ষকে পদত্যাগ করিয়েছেন। এটি বেআইনি। কথিত পদত্যাগপত্রও এখন পর্যন্ত তার হাতে পৌঁছায়নি। মাদ্রাসার বিরুদ্ধে আনা অভিযোগও সঠিক নয়।”

তিনি বলেন, “সোমবার ইউএনও সভা ডেকেছেন। সেখানে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইউএনও তসনজিলা তাসনিম বলেন, “মাদ্রাসায় বিশৃঙ্খলা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি আমি জানতে পেরেছি। পরিস্থিতি ও মাদ্রাসার সার্বিক বিষয়ে করণীয় ঠিক করতে সোমবার ম্যানেজিং কমিটি, শিক্ষক ও বিক্ষোভকারীদের প্রতিনিধিদের নিয়ে সভা ডাকা হয়েছে। সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাইদুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মো. দুলাল সরকার, সাবেক ছাত্র সালমান ফারসি বক্তব্য দেন।