শের-ই বাংলা মেডিকেলে আগুনের গুজবে আতঙ্ক
রোগীকে অক্সিজেন দেওয়ার সময় ‘লিক’ হয়ে ধোঁয়ার সৃষ্টি হয় বলে ফায়ার সার্ভিস জানায়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার গুজবে রোগী ও স্বজনদের আতঙ্ক ছড়িয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, “সন্ধ্যায় তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে এক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় অক্সিজেন বের হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। তখন আগুন আতঙ্কে রোগী ও স্বজনরা হুড়োহুড়ি করে নিচে নেমে যায়।
“খবর পেয়ে হাসপাতালে গিয়ে সবাইকে আশ্বস্ত করি।”
পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
