২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে’ বন্ধুকে কুপিয়ে হত্যা

যশোরে দুই বন্ধুর বাগবিতণ্ডার এক পর্যায়ে তৌফিককে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

‘বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে’ বন্ধুকে কুপিয়ে হত্যা

নিহত তৌফিক হোসেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 06:50 PM

Updated : 20 Jan 2024, 06:50 PM

যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে’ বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

শনিবার সকালে উপজেলার কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।

নিহত তৌফিক হোসেন (২২) উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও স্থানীয় আফিল ফার্মের কর্মচারী।

স্থানীয়দের বরাতে ওসি কামাল বলেন, “কাটাখালী গ্রামের কাশেম মোড়লের ছেলে কেসমত বাবু ওরফে ক্যাসেটের সঙ্গে তৌফিকের বন্ধুত্ব ছিল। এ সম্পর্কের কারণে বাবুর বাড়িতে যাওয়া-আসা করত তৌফিক।

“এক সময় বাবুর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান তৌফিক। পরে বিষয়টি জানতে পারেন বাবু। শনিবার সকালে তৌফিক কাজে যাওয়ার পথে বাবুর বাড়িতে গেলে দুইজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন বাবু।”

স্থানীয়রা তৌফিককে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত বাবুকে আটকের চেষ্টা চলছে।

তবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি কামাল।