২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলকর্মীরা আন্দোলনে, স্টেশনে স্টেশনে টিকেট বিক্রি বন্ধে ভোগান্তি

চাকরি স্থায়ী করার দাবিতে গত ১৭ অক্টোবর থেকে পাবনার রেলকর্মীরা আন্দোলনে আছেন।

রেলকর্মীরা আন্দোলনে, স্টেশনে স্টেশনে টিকেট বিক্রি বন্ধে ভোগান্তি

পাবনার রেলওয়ে স্টেশন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 05:29 PM

Updated : 27 Oct 2022, 05:29 PM

পাবনার ঈশ্বরদী-ঢালারচর রেলপথের ছয়টি স্টেশনে ১১ দিন ধরে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকায় যাত্রী ও টিকিট পরিদর্শকরা ভোগান্তির মধ্যে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত কর্মীরা চাকরি স্থায়ী করার দাবিতে গত ১৭ অক্টোবর থেকে আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন। ছয়টি স্টেশনেই তারা টিকিট বিক্রি করতেন। এখন তারা কাজ না করায় টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে।

ঈশ্বরদী থেকে পাবনার ঢালারচর পর্যন্ত ৭৮ কিলোমিটার রেলপথে মোট স্টেশন ১১টি। এর মধ্যে কাশিনাথপুর, তাঁতিবন্ধ, রাজাপুর, বাঁধেরহাট, দুবলিয়া ও রাঘবপুর স্টেশনে টিকিট বিক্রিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এসব স্টেশনে রেলওয়ের নিজস্ব কোনো লোকবল নেই।

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন, “তাঁতিবন্ধ স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে টিকিট কাউন্টারে গিয়েছিলাম। কিন্তু কাউন্টার বন্ধ থাকায় টিকিট কাটতে পারিনি। এখন ট্রেনের টিটিইর কাছ থেকে টিকিট কেটে নিলাম।”

‘ঢালারচর এক্সপ্রেস’ এর একজন টিকেট পরিদর্শক বলেন, “ট্রেনে প্রচণ্ড ভীড়। ছয়টি স্টেশনের কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা বিনা টিকিট ট্রেনে উঠেছেন। এদের টিকিট করে দিতে হিমশিম খেতে হচ্ছে।”

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, রেলের নিজস্ব জনবল সংকট থাকায় এসব স্টেশনে দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী শ্রমিক দিয়ে কার্যক্রম চালানো হয়।

“শ্রমিকরা আন্দোলনে যোগ দেওয়ায় হঠাৎ করেই ঝামেলা সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”