স্কুলছাত্রীকে অপহরণ: ১৪ বছরের দণ্ড পেয়েছে ৬ যুবক
আসামিরা সবাই পলাতক রয়েছেন। সাজার পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে।
১৫ বছর আগে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অপরাধে ছয় যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।
রোববার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম জানান।
দণ্ডিতরা হলেন- নাটোরের বড়াইগ্রামের জোয়ারী এলাকার ইউনুস আলীর ছেলে সুজাব আলী (২০), একই এলাকার আফেন মুন্সির ছেলে সুমন আলী (১৯), রকমান আলীর ছেলে মো. রফিক (২২), আব্দুস সামাদের ছেলে মো. ডাব্লু (২০), আতাহার আলী আতা (২৫) ও রাজশাহীর পুঠিয়ার মতিউর রহমানের ছেলে ইমদাদুল হক (২৬)।
সাজার পাশাপাশি বিচারক প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। তারা সবাই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ওই স্কুলছাত্রীকে আসামিরা স্কুলে যাতায়াতের পথে অশ্লীল কথা বলতো। ২০০৯ সালের ৫ মে মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে সুজাব আলী। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পরদিন সুজাবের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় ধর্ষণ মামলা করেন।
এরপর সুজাব ও তার সহযোগীরা মামলা তুলে নিতে মেয়েটির পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। পরে মেয়েটির বাবা তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করেন। এতে রেগে গিয়ে আসামিরা ২০০৯ সালের ১২ মে অস্ত্রের মুখে মেয়েটিকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি পরও মেয়েটিকে না পেয়ে তার বাবা পরে বড়াইগ্রাম থানা ও বনপাড়া পুলিশ ফাঁড়িতে যান। কিন্তু সেখান থেকে কোনো প্রতিকার না পেয়ে নাটোর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।
পুলিশ মেয়েটিকে উদ্ধার এবং ছয় যুবককে গ্রেপ্তার করলেও আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায়। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
