রাঙামাটিতে নৌকার নির্বাচনি সভায় বক্তব্য রেখে বহিষ্কার বিএনপি নেতা
বক্তব্যে সরাসরি ভোট না চাইলেও নৌকাকে এগিয়ে রাখার অনুরোধ জানাতে শোনা যায়।
রাঙামাটিতে নৌকার প্রার্থীর নির্বাচনি সভায় বক্তব্য রেখে দল থেকে বহিষ্কার হলেন এক বিএনপি নেতা; যিনি তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর ও দলটির নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক।
শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলালউদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সারের ডিলার হিসেবে পরিচিত হেলাল গত শুক্রবার বিকালে রাঙামাটি শহরের রিজার্ভবাজারে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনি সভায় বক্তব্য দেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে তার ঘনিষ্ঠজনরা জানান, নির্বাচনি সভাটির আয়োজক ছিল ‘একতা শ্রমিক কল্যাণ সমিতি’ নামের একটি সংগঠন, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলালকে নৌকার পক্ষে সরাসরি ভোট চাইতে শোনা না গেলেও দীপংকর তালুকদারকে এগিয়ে রাখার অনুরোধ জানাতে শোনা যায়।
