২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরির আহ্বান আনিসুল ইসলাম মাহমুদের

“কোনো দল নির্ধারণ করবে না কে রাজনীতি করবে, আর কে করবে না, নির্ধারণ করবে জনগণ,” বলেন তিনি।

দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরির আহ্বান আনিসুল ইসলাম মাহমুদের

রাজধানীর গুলশানে জাতীয় পার্টির একাংশের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 02:38 PM

Updated : 24 Oct 2026, 02:38 PM

অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা সমস্যা মোকাবিলা করে দেশে সামগ্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

সাবেক এ মন্ত্রী বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে।”

শনিবার সকালে রাজধানীর গুলশানে দলটির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “একসময় জামায়াতকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, সেটার ফল কি হয়েছে জাতি দেখেছে। তাই কাউকে বাদ দিয়ে রাজনীতি করার সুযোগ নেই। কোনো দল নির্ধারণ করবে না কে রাজনীতি করবে, আর কে করবে না। নির্ধারণ করবে জনগণ।”

হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে উপজেলা ব্যবস্থা প্রবর্তন এবং এর গুরত্ব তুলে ধরতে প্রতি বছর ২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করে তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি।

দলটি বর্তমানে কয়েকভাগে বিভক্ত। এর মধ্যে একাংশের নেতৃত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

জাতীয় পার্টির এ অংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়।