ফরিদপুরে বিএনপি নেতার বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ
তবে পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাননি।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছা ও সদস্যসচিব কিবরিয়া স্বপনের বাসভবনের সামনে হাতবোমার বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত সোয়া ৮টার দিকে শহরের পূর্ব খাবাসপুর ও ঝিলটুলী এলাকার এ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওই দুই নেতা।
তবে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, “বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে কোনো ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।”
জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন বলেন, “ঘটনার পাঁচ মিনিট আগে আমি বাসায় ফিরি। এরপর বিকট শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাসার সামনে বাগানে ধোঁয়া উড়ছে। বিষয়টি কোতোয়ালি থানার ওসিকে জানিয়েছি।”
জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছা বলেন, “একই সময় আমার ও সদস্যসচিবের বাসার সামনে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা প্যানিক সৃষ্টির জন্য করা হয়েছে বলে মনে করছি।
“ফরিদপুর একটি শান্তিপূর্ণ শহর, সবাই মিলেমিশে বসবাস করে। আমরা প্রত্যাশা করি, রাজনৈতিক দল নিজস্ব কমসূচি শান্তিপূর্ণভাবে করে এবং আমরা একে অপরকে সহযোগিতা করি; সে বিষয়েও মাথায় থাকতে হবে। আমরা শহরকে অশান্ত করতে চাই না”, বলেন বিএনপি নেতা।
খবর পেয়ে কোতোয়ালি থানার এএসআই রেজাউলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যান।
এএসআই রেজাউল বলেন, “বিএনপি নেতারা তাদের বাসার সামনে হাতবোমার বিস্ফোরণের খবর দিয়েছেন। তবে ঘটনাস্থলে কোনো আলামত পাইনি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
