২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

গভীর রাতে বন্য হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই কৃষক আক্রমণের শিকার হন।

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

সম্প্রতি লামা সরইয়ে লেমুপালং থেকে তোলা বনের গাছ টানার কাজে ব্যবহার করা একটি হাতি।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2023, 02:32 PM

Updated : 08 May 2023, 02:32 PM

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমারী চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহত আকতার হোসেন (৩৮) ওই এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

প্রতিবেশীরা জানান, জমির পাকা ধান কেটে বাড়ির উঠানে রেখেছিলেন আকতার। রাতে উঠানে বন্য হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে আলো নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে হাতিটি তাকে তাড়া করে। এক পর্যায়ে হাতির শুড় দিয়ে পেছন থেকে আক্রমন করলে ঘটনাস্থলেই আকতারের মৃত্যু হয়।

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, ঘটনাস্থলে বনবিভাগের লোক পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশে নিহতের পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।