২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

চালককে অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে যান আসামিরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 12:19 AM

Updated : 01 Sep 2022, 12:30 AM

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দায়ে দুই সহোদরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রামের মহিফুল ইসলামের দুই ছেলে সফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।

জামিন নিয়ে পলাতক থাকায় আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

মামলার নথির বরাতে আদালতের পিপি নয়নুর রহমান টফি জানান, ২০১৬ সালের ২৪ অগাস্ট আসামিরা জেলার গঙ্গাচড়া উপজেলার খলেয়া এলাকায় যাওয়ার কথা বলে তারাগঞ্জ উপজেলার নেকিরহাট গ্রামের আব্দুল হকের ছেলে আবুল কালামের অটোরিকশা (ইজিবাইক) ভাড়া নেন। পথে ওই এলাকার জনৈক নুর আলমের বাড়ির পাশে আবুল কালামকে অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে গিয়ে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে যান তারা।

এ ঘটনার নিহত আবুল কালামের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি সফিকুল ও সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সফিকুল ও সাইফুল। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুই ভাইকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি।

আসামিপক্ষের আইনজীবী আলাউদ্দিন আলমগীর বলেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।