২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় টোলের টাকা নিয়ে তর্ক, ধাক্কায় জুলাই যোদ্ধার মৃত্যুর অভিযোগ

২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলিতে তার একটি চোখ নষ্ট হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 06:36 PM

Updated : 23 Nov 2026, 06:36 PM

নেত্রকোণার মদনে পৌরসভার টোলের টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে টোল আদায়কারীর ধাক্কায় মাটিতে পড়ে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে মদন পৌরসভার চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মদন থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন করিম।

নিহত আব্দুল বারেক (৮৬) মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলিতে তার একটি চোখ নষ্ট হয়েছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আব্দুল বারেক। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) অটোরিকশার চালক রায়হানের কাছে ২০ টাকা টোল চান।

এ সময় টোলের টাকা নিয়ে চালক, আব্দুল বারেক ও আতিকুলের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আতিকুলের ধাক্কায় আব্দুল বারেক মাটিতে পড়ে গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পৌর শহরের সেন্টার এলাকায় অভিযান চালিয়ে আতিকুলকে আটক করা হয়। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।