কক্সবাজারে কটেজে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, কর্মকর্তা আটক
কিশোরীকে ঢাকার বাসে তুলে দেওয়া হয়। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি রামু বাইপাসে নেমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।
কক্সবাজার শহরের একটি কটেজে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পেয়েছে পুলিশ; ঘটনায় জড়িত সন্দেহে কটেজের এক কর্মকর্তাসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে কিশোরীকে উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
আটকরা হলেন- কলাতলীর রাজিউন কটেজের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল এবং শহরের মোহাজের পাড়ার বাসিন্দা সোলাইমান শামীম (২৩)।
পর্যটকদের থাকার জন্য এমন ছোট ছোট ঘর বা কটেজ বহু আছে এই পর্যটন নগরীতে।
পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি ঢাকায়। তিনি তার এক বান্ধবীকে নিয়ে কক্সবাজার এসেছিলেন। সোমবার রাতে তিনি রাজিউন কটেজে দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে জানিয়েছেন। সকালে তাকে ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়।
কিন্তু অসুস্থ বোধ করায় তিনি রামু বাইপাসে নেমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নোবেল কুমার বড়ুয়া সাংবাদিকদের বলেন, “সকালে ওই কিশোরীকে চিকিৎসক নুরুল হুদা শাওন প্রাথমিক সেবা দিয়েছেন। তারপর তার বক্তব্য শুনে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে এ ঘটনার পর রাজিউন কটেজে গিয়ে মালিকপক্ষ ও কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে জানতে চাইলে কটেজের সহকারী ব্যবস্থাপক নুরুল আজিম সাংবাদিকদের বলেন, “আমি রাতে ডিউটিতে ছিলাম না। আমার ডিউটি শুরু হয়েছে সকাল ৯টা থেকে। আমি ডিউটিতে আসার পর পুলিশ এসে সোহেলকে নিয়ে গেছে। এ সময় তারা সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।”
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। কিশোরী চিকিৎসাধীন। জড়িতরা শনাক্ত হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।”
এ ঘটনায় মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক ]
