টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারানো কভার্ডভ্যান চাপায় অটোরিকশার যাত্রী নিহত
বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারানো কভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।
মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান।
নিহত ৫০ বছর বয়সী হালিম মিয়া কালিহাতী উপজেলার জোকারচর এলাকার বাসিন্দা। আহত হয়েছেন উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার জাহিদুল ইসলাম (২৭)।
স্থানীয়দের বরাতে ওসি সফিকুল জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বরের দিকে যাচ্ছিলেন হালিম। পথে জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কভার্ডভ্যানের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী হালিম মিয়া।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহত জাহিদুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
