১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চিকিৎসকদের সেবার মনোভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

চিকিৎসকদের সেবার মনোভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 11:17 PM

Updated : 01 Mar 2023, 11:17 PM

চিকিৎসকদেরকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, শুধু অর্থ উপার্জন নয়, চিকিৎসকদেরকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে।

মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, শুধুমাত্র টাকা উপার্জন একটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হতে পারে না। একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু নিয়ে প্রতিষ্ঠানে লেখাপড়া ও চিকিৎসা সেবার মান যাতে ভালো হয় সেই লক্ষ্য থাকা উচিৎ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান বক্তব্য রাখেন। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।