১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার ‘কড়া’ নির্দেশনা বেবিচকের

কোনোভাবেই সেবার মানের ক্ষেত্রে বৈষম্য সহ্য করা হবে না, বলেছে সংস্থাটি।

সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার ‘কড়া’ নির্দেশনা বেবিচকের

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:57 AM

Updated : 12 Nov 2026, 01:01 AM

বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিম্নমানের যাত্রীসেবা, অপরিচ্ছন্ন উড়োজাহাজ পরিচালনা এবং অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

অন্য আন্তর্জাতিক রুটের মতো বাংলাদেশেও সেবার মান সমান রাখা এবং ভ্রমণের দূরত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উড়োজাহাজের ভাড়া পর্যালোচনার ‘কড়া’ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশে পরিচালিত সংশ্লিষ্ট সব দেশি-বিদেশি এয়ারলাইন্স ও এয়ারলাইন্স অপারেটিং কমিটির (এওসি) কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বেবিচকের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে বাংলাদেশে আসা-যাওয়া করা একাধিক এয়ারলাইন্সের উড়োজাহাজের কেবিন ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

যাত্রীদের স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে প্রতি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

একই সঙ্গে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে যাত্রীসেবায় চরম বৈষম্যের বিষয়টি বেবিচকের নজরে এসেছে। কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটে উন্নত মানের সেবা দিলেও বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও নিম্নমানের সেবা প্রদান করছে।

চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীরা যে মানের স্বাচ্ছন্দ্য ও সুবিধা পান, বাংলাদেশের যাত্রীদের ক্ষেত্রেও সেই একই মানের সেবা নিশ্চিত করতে হবে; কোনোভাবেই সেবার মানের ক্ষেত্রে বৈষম্য সহ্য করা হবে না।

ভাড়ার বিষয়টি তুলে ধরে বেবিচক বলেছে, ভ্রমণের দূরত্ব ও সেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া মাত্রাতিরিক্ত নেওয়া হচ্ছে, যা নিয়ে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। এ কারণে সব রুটেই ভ্রমণের দূরত্ব ও সুযোগ-সুবিধা বিবেচনা করে বিমান ভাড়া পর্যালোচনা এবং তা যৌক্তিক পর্যায়ে পুনঃনির্ধারণের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসব বিষয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেবার মান যাচাইয়ের লক্ষ্যে বেবিচক প্রতিনিয়ত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।