পিরোজপুরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের
পুলিশ জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন সবুজ।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র।
বৃহস্পতিবার সকালে উপজেলার মঠবাড়িয়া-সাপলেজহা সড়কের আমরাগাছিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান জানান।
নিহত মো. সবুজ গাজী (১৮) ওই উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের কবির গাজীর ছেলে। তিনি ডা. রুস্তম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি কামরুজ্জামান বলেন, সকালে সবুজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে ওই এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি।
পরে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
