ফরিদপুরে ২৪ ঘণ্টায় তিন ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি হন ৩৪৪ জন
এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে।
ফরিদপুর গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে।
বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
মারা যাওয়া তিন জন হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের জুয়েল মোল্যার স্ত্রী শেফালী বেগম (৩০), একই উপজেলার চরমালাইনগর গ্রামের কার্ত্তিক বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (১৬) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী সালেহা বেগম (৫০)।
ডা. এনামুল হক আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৪ জন রোগী জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
“এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ রোগী। হাসপাতালটিতে বর্তমানে ৩৭২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৫০ জন।”
একই তথ্য দিয়েছেন, ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।
তিনি বলেন, জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা যাওয়া রোগীরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।
জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮১ জন। এর মধ্যে ১২ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
