কক্সবাজারে বড়শিতে ধরা পড়ল ৯১ কেজির বোল মাছ
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন, “সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না।”
কক্সবাজারের বঙ্গোপসাগরে এক জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে।
সোমবার বিকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছটি ধরা পড়ে বলে জানান টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
টেকনাফ পৌরসভার কায়ুক খালীয়া পাড়া ঘাটের ‘টেকনাফ ফিশারিজ’-এর মালিক নুরুল হাকিম বলেন, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার জন্য এক ট্রলারের জেলে বড়শি ফেলেন। এ সময় তার বড়শিতে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। ট্রলার নিয়ে ফেরত আসার কিছুক্ষণ আগে শেষবারের মতো লইট্টা মাছের আধার দিয়ে বড়শি ফেলেন। তখন বড় বোল মাছটি ধরা পড়ে। পরে তারা মাছটি এখানে আড়তে নিয়ে আসেন।
“মাছটির ওজন ছিল ৯১ কেজি। জেলে মাছের দাম চেয়েছিলেন ৭৫ হাজার টাকা। আমি মাছটি ৬০ হাজার টাকায় কিনেছি। পরে সেটি স্থানীয় মাছ ব্যবসায়ী ঈমান হোসেন ৭৭ হাজার টাকায় কিনে নিয়েছেন”, বলেন নুরুল হাকিম।
মঙ্গলবার বিকালে মাছ ব্যবসায়ী ঈমান হোসেন বলেন, “মাছটি কেটে বিক্রির জন্য দুপুরে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। দাম ধরা হয়েছে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা করে। অনেকে এক-দুই কেজি করে নিতে অগ্রিম টাকা দিচ্ছেন।
সন্ধ্যায় টেকনাফ বাসস্ট্যান্ড মাছ বাজারে মাছটি কেটে বিক্রির কথা জানান ঈমান হোসেন।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, “গত দুই-তিন বছরে এত বড় মাছ কেটে বিক্রি হয়নি। বড় মাছ, তাই অনেকে কেনার জন্য বিক্রেতার কাছে আগাম টাকা দিয়ে যাচ্ছেন।”
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে কিছু বড় বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।
“সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জাল বা বড়শিতে আটকা পড়লে জেলেরা ভাল দাম পাচ্ছেন”, যোগ করেন মৎস্য কর্মকর্তা।
