ফেনীতে স্কুলছাত্রকে মারধরের ঘটনায় তিন কিশোর গ্রেপ্তার
স্কুলছাত্রকে মারধরের একটি ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বলে জানান ওসি।
ফেনীতে এক স্কুলছাত্রকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়া ও কানধরে ওঠাবসার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
শনিবার সকালে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।
নির্যাতিত স্কুলছাত্রের গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলায় হলেও তার পরিবার ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকে। সে ফেনীর একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
ওসি নিজাম উদ্দিন বলেন, “কিশোরকে মারধরের একটি ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের হায়দার ক্লিনিকের পাশে স্কুলছাত্রকে ৫-৬ কিশোর বেধড়ক পিটিয়ে আহত করে এবং পা ধরে ক্ষমা চাইতে বলে। ভিডিওটি পুলিশ প্রশাসনসহ সবার দৃষ্টিতে এলে রাতেই অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।”
তিনি বলেন, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রের মা বাদী হয়ে শনিবার সকালে ফেনী মডেল থানায় ১১ জনকে আসামি করে মামলা করেন।
ওসি বলেন, আসামিরা সবাই ফেনী শহরের স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা করে। তারা সংগঠিত এবং তাদের একটি কথিত গ্রুপ আছে।
গ্রেপ্তারদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ বলে জানান তিনি।
ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, “কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। যেসব ঘটনায় মামলা হয় সে মামলায় এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।“
কিশোদের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের আন্তরিক হতে হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
