বস্তা ফেলে পালাল ভারত থেকে আসা দুজন, মিলল ১২ কেজি বিস্ফোরক
ভারত থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে ঢুকতে দেখে তাদের ধাওয়া করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।
রোববার উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা সেগুলো উদ্ধার করা হয় বলে রহনপুর-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান।
তিনি বলেন, “সীমান্ত এলাকা দিয়ে সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে বিস্ফোরক দ্রব্য আসার খবর পায় বিজিবি। এর প্রেক্ষিতে একটি টহল দল ১৮০/৭ সীমান্ত পিলার থেকে ৫'শ মিটার দূরে তেলকুপি গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়।
“এ সময় ভারত থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া করে বিজিবি। এ সময় হাতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায় তারা।”
পরে বস্তা দুটিতে তল্লাশি করে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক এবং চোরাচালানের বন্ধে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
