ছেলের সঙ্গে স্বপ্নেরও মৃত্যু হয়েছে লিমনের বাবার
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমন কুমার রায়ের।
স্বপ্ন দেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে পরিবারের হাল ধরবে ছেলে, মুক্তি মিলবে হাড়ভাঙ্গা কষ্ট থেকে। তাই লিমনের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর খরচ বহনে বাবা প্রভাষ চন্দ্রও বেছে নিয়েছিলেন আরো কঠোর পরিশ্রমের কাজ।
কখনো রিকশা চালিয়ে আবার কখনো কৃষি শ্রমিকের কাজ করে টেনে নিচ্ছিলেন সংসারের ঘানিসহ সন্তানদের লেখাপড়ার খরচ। কিন্তু ছেলের অকাল মৃত্যুতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল বাবার।
বুধবার সকালে জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমন কুমার রায়ের (২০)।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামে প্রভাষ চন্দ্র রায় ও নীলা রাণী রায় দম্পতির ছেলে লিমন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়। তার ছোট ভাই সুমন রায় দশম এবং সবার ছোট বোন অর্পিতা রায় পড়ছে পঞ্চম শ্রেণিতে। মা নীলা রাণী রায় গৃহিনী।
বৃহস্পতিবার দুপুরে লিমনের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। বাবা-মা, ভাই-বোনসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। তাদের সেই আহাজারী ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। মেধাবী ওই শিক্ষার্থীকে হারানোর শোক যেন কোনোভাবে বইতে পারছে না পরিবারসহ এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, লিমন গ্রামের সিংগেরগাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে ভর্তি হয় রংপুরের কারমাইকেল কলেজে। সেখানেও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির।
প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত আটটার দিকে লিমন মুঠোফোনে কথা বলেছিল তার মায়ের সঙ্গে। এসময় জিজ্ঞেস করেছিল, “মা তুই কেমন আছিস, ভাই সুমন আর বোন অর্পিতা কেমন আছে, তারা কি ঠিকমত পড়তে বসেছে।”
মা নীলা রাণী বলেছিলেন, “হামরা ভালো আছি, তুই কেমন আছিস বাবা?” মায়ের এমন জিজ্ঞাসায় লিমন বলেছিলেন, “মা মোর গলাটা কেন বা বারবার শুকিয়া যাইছে, মোক কেমন ভয় ভয় লাগছে।” জবাবে মা তাকে শরবত খাওয়া এবং ডাক্তার দেখানোর পরামর্শ দিয়ে বলেন, “বাবা মুই পরে কথা কইম, এলা গরু-ছাগল ঘরোত ঢুকাছো।”
বুকফাটা আহাজারীর প্রলাপে ছেলের সঙ্গে শেষ কথার স্মৃতি মনে করে একথাগুলোই বলছিলেন লিমনের মা। কোনোভাবেই তিনি মানতে পারছিলেন না এটাই হবে ছেলের সঙ্গে তার শেষ কথা।
লিমনের বাবা প্রভাষ চন্দ্র রায় ছেলের মৃত্যুর খবরে ছুটে যান ঢাকায়। মোবাইলে তিনি বলেন, “ছেলে কইছিল লেখাপড়া শিখি শিক্ষক হোবে। অনেক কষ্ট করিও তার আবদার পূরণ করার চেষ্টা করিছু। ভাবিছিনু ছেলে বড় হইলে সংসারের হাল ধরিবে, মোর কষ্ট হালকা হোবে। কিন্তু মোর সে আশা আর পূরণ হইল না। মোর স্বপ্ন শেষ হইয়া গেইল।”
লিমনের কাকা নারায়ণ চন্দ্র রায় দাবি করে বলেন, “লিমন কোনোভাবে আত্মহত্যা করতে পারে না। কারণ সে নিজেই মানুষকে বলত- আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা না করার পরামর্শ দিত।”
প্রতিবেশী অনিতা রানী রায় (৪৮) জানান, প্রভাষ চন্দ্র অনেক কষ্ট করে সংসারসহ তিন সন্তানের লেখাপড়ার খরচ বহন করতেন। নিজের ভিটে বাড়ির চার শতক জমি ছাড়া আর কোনো জমি নেই তাদের। লিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তার পড়ালেখার খরচ জোগাতে তাঁর বাবা প্রভাষ চন্দ্র রায়ের কষ্ট আরো বেড়ে যায়।
প্রতিবেশী বুজঙ্গ নাথ রায় (৪৫) বলেন, “লিমন মিশুক প্রকৃতির ছেলে ছিল। বাড়িতে আসলেই প্রতিবেশীদের খোঁজখবর নিত। সবশেষ গত দূর্গাপুজায় বাড়িতে এসে প্রতিবেশীদের খোঁজখবর নিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর সকলের আশা ছিল লিমন একদিন অনেক বড় হয়ে এলাকার মুখ উজ্জল করবে।’
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর জেনেছি। ঢাকায় আইনী প্রক্রিয়া শেষে সরাসরি পরিবারের কাছে তার মরদেহ পৌঁছবে। বিকাল সাড়ে চারটা পর্যন্ত মরদেহ বাড়িতে এসে পৌঁছেনি বলে জেনেছি।”
আরও পড়ুন
