২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত, আহত ৭

ভূঞাপুর থেকে ইটবাহী ট্রাকটি টাঙ্গাইলে যাচ্ছিল; আর বিপরীত দিক এলেঙ্গা থেকে আসছিল অটোরিকশাটি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 05:36 PM

Updated : 11 Jul 2023, 05:36 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার দুপুরে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে উপজেলার নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিকুল ইসলাম জানান।

নিহত ৩২ বছর বয়সী সাইফুল ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে। অপর নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে আতিকুল ইসলাম জানান, ভূঞাপুর থেকে ইটবাহী একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক এলেঙ্গা থেকে আসছিল অটোরিকশাটি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে দুটো যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন; একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।