২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবিলা করবেন: মিন্টু

“তারা পুনরায় ক্ষমতায় এলে দেশের স্বার্থ বিক্রি করে সার্বভৌমত্ব বিনষ্ট করবে।”

তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবিলা করবেন: মিন্টু

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন আব্দুল আওয়াল মিন্টু।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2023, 05:59 PM

Updated : 06 Jan 2023, 05:59 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।

কিশোরগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবিলা করবেন। তার বিরুদ্ধে দায়ের সব মামলা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক বিধায় প্রত্যাহার করা হবে। তিনি দেশে ফিরে নির্বাচন পরিচালনা করবেন এবং প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র চালাবেন।

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা শীর্ষক বিশ্লেষণধর্মী সভায় অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই অবৈধ সরকারের আমলে গণতন্ত্র, মানবাধিকারসহ জনগণের সব ধরনের অধিকার হরণ করা হয়েছে। শুধু দুর্নীতি ও লুটপাট নয়, এ সরকারের আমলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও হুমকির মুখে। তারা এখন দেশ বিক্রি করে খাচ্ছে। তারা পুনরায় ক্ষমতায় এলে দেশের স্বার্থ বিক্রি করে সার্বভৌমত্ব বিনষ্ট করবে।”

“এ অবস্থায় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব এই সরকারকে উৎখাত করা। আমরা যদি তাদেরকে উৎখাত করতে পারি তাহলে এই শতাব্দীতে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।” 

জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি লাইলা বেগম, আজিজুল ইসলাম দুলাল, জালাল উদ্দিন, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।