২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধূকে কুপিয়ে হত্যায় দুইজনের যাবজ্জীবন

২০২০ সালে মুক্তিযোদ্ধা হাতেম আলী বাড়ি ফিরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

নাটোরে গৃহবধূকে কুপিয়ে হত্যায় দুইজনের যাবজ্জীবন

নাটোরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 05:18 PM

Updated : 10 Aug 2023, 05:18 PM

নাটোরে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম।

দণ্ডিতরা হলেন- গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া এলাকার মনিরুল ইসলাম ও একই এলাকার মিঠু প্রামানিক।

মামলার বরাত দিয়ে পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০২০ সালের ১৬ জানুয়ারি ভোরে পার গুরুদাসপুর এলাকা মুক্তিযোদ্ধা হাতেম আলী তার স্ত্রী মনোয়ারা বেগমকে বাড়িতে রেখে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান।

তিনি বলেন, পরে বাড়ি ফিরে ঘরের মেঝেতে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ এবং রক্তমাখা ধারালো চাকু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্বামী মুক্তিযোদ্ধা হাতেম আলী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

পিপি আরও বলেন, এ মামলায় পুলিশ তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এরপর আসামিরা আদালতে স্বীকারোক্তি দেন। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।

এই আইনজীবী বলেন, রায়ে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়।

এ ছাড়া একজনকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 

মাদক মামলায় একজনের ১০ বছরের সাজা

নাটোরে মাদক বহনের দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম।

দণ্ডিত নাজমুল হাসান রাজশাহী বাঘার হরিরামপুর এলাকার বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে পিপি বলেন, ২০১৯ সালের ২৩ অগাস্ট লালপুর উপজেলায় একটি সিএনজি তল্লাশি করে ১৬০টি ফেন্সিডিলসহ নাজমুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।

তিনি আরও বলেন, আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।