কিশোরগঞ্জে ‘জমির বিরোধে’ ভাই-বোন খুন
এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
কিশোরগঞ্জের হোসেনপুরে জমির বিরোধের জেরে হামলায় দুই ভাই-বোন নিহত হয়েছেন; আহত হয়েছেন একই পরিবারের চারজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান।
নিহতরা হচ্ছেন: ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান আলমগীর (৩০) এবং মেয়ে নাদিরা আক্তার (২২)। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির সীমানা ও জমি নিয়ে শামসুল ইসলাম ও তার ছোটভাই আব্দুল কাদিরের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ আছে। বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গত বুধবার শামসুলের সঙ্গে ভাই-ভাতিজার কথা কাটাকাটি হয়।
পুলিশ জানায়, ওই জমিতে থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল কাদির ও তার তিন ছেলেসহ অন্যরা সকালে ভাই শামসুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মাহমুদুল হাসান আলমগীরকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমগীরকে বাঁচাতে তার বোন নাদিরা আক্তার এগিয়ে গেলে হামলায় তিনিও গুরুতর আহত হন। এ ছাড়া হামলায় শামসুল ইসলাম ও তার স্ত্রী সাঈদা আক্তার আছমাসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
নাদিরাকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
শামসুল ইসলামের আহত স্ত্রী সাঈদা আক্তার আছমা ও মেয়ে সালমা আক্তার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় পুলিশ।
শামসুল ইসলামের অভিযোগ, “দা, লাঠি, বল্লম নিয়ে আব্দুল কাদিরের নেতৃত্বে তার তিন ছেলে এসে ঘর থেকে ডেকে বের করে পুত্র-কন্যাদের হত্যা; আমি ও আমার স্ত্রীকে আহত করেছে।”
খবর পেয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, এ ঘটনায় এখনও কেউ মামলা দায়ের করেননি। তবে দুজনকে আটক করা হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি আসাদুজ্জামান টিটু।
