অবৈধ সম্পদ: কক্সবাজারের এমপি জাফরের স্ত্রীকে দুদকে তলব
সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুদক।
দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম বুধবার রাতে সাংবাদিকদের জানান, গত ২১ জুলাই দুদকের উপ-পরিচালক খান মো. মিজানুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে শাহেদা বেগমকে তলব করা হয়েছে।
শাহেদা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
নোটিশের বলা হয়, “কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় জলমহল ও সরকারি জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও অবৈধভাবে বালু উত্তোলন করে শাহেদা বেগম কোটি কোটি টাকা আয় করেছেন বলে দুদকের কাছে অভিযোগ করা হয়েছে।
“এই অভিযোগের প্রেক্ষিতে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।”
"এর প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।"
নিয়ম মেনেই শাহেদা বেগমের সম্পদ অনুসন্ধান করা শুরু হয়েছে জানিয়ে দুদক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “তদন্ত কাজ চলছে। যদি তদন্তে অবৈধ সম্পদ পাওয়া যায়, তবে শাহেদা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ বিষয়ে জানতে শাহেদা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুদকের এ ধরনের কোনো নোটিশ তিনি পাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন।
তার ভাষ্য, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। আমি একজন স্কুল শিক্ষিকা। আমার সম্পর্কে এলাকার মানুষ ভালভাবে জানেন। এটি একটি হাস্যকর বিষয়।”
